ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শনিবার— আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। ছুটছেন ভোটারদের ঘরে ঘরে— যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনে নানা হিসাব-নিকাষে ব্যস্ত ভোটাররাও।
এদিকে, বুধবার রাতে যশোরের বাঘাপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে বোমা হামলা ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে।
ময়মনসিংহের গফরগায়ের চরআলগি ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী দুলাল আকন্দ কুপিয়ে দুর্বৃত্তরা। নওগাঁতেও প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে যশোরের কেশবপুর, অভয়নগর এবং বাঘারপাড়া উপজেলার ২৮টি ইউনিয়নে ভোট হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১০৩ জন, সাধারণ সদস্য পদে ৭১৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ২৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচার-প্রচারণার পাশাপাশি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের হুমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন।
প্রতীক বরাদ্দের পর থেকেই আট-ঘাট বেঁধে ফরিদপুরের প্রার্থীরা নেমেছেন নির্বাচনের মাঠে। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তা-ঘাট, উঠান বৈঠক পাড়া মহল্লার সব জায়গায় বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী সমর্থকরা দিন-রাত ছুটছেন ভোটারদের বাড়ি-বাড়ি।
এলাকার উন্নয়নে কাজ করবেন আর যোগ্য এমন প্রার্থীকেই ভোট দিয়ে জয়যুক্ত করতে চান ভোটাররা।
পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া উপজেলার ১৬টি ইউনিয়নেও নির্বাচন একইদিনে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পথ-ঘাট, চলছে মাইকিং। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
রাজবাড়ী, মৌলভীবাজার ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার ইউনিয়ন পরিষদগুলো জুড়ে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় চলছে নির্বাচনী আলোচনা। চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। সৎ ও যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান তারা।