পঞ্চম দফা নির্বাচনে ইউনিয়ন পরিষদে (ইউপি)দেশের ৭২০টিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
পঞ্চম ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার প্রায় ১ কোটি ১০ লাখ।
গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রায় সাড়ে তিন মাসে প্রতিদিনই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে।
সুজনের তথ্য অনুসারে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ১০১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি।
আগের চার ধাপের তুলনায় এবার সুন্দর ভোটের প্রত্যাশা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু ভোটের সম্ভাবনা তারা দেখছে না।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাল্টা অভিযোগ করেছে , বিএনপি এ ভোটকে ‘বিতর্কিত’ করতে ‘ষড়যন্ত্র’ করে আসছে।
এর আগে ২২, ৩১ মার্চ, ২৩ এপ্রিল ও ৭ মে বিক্ষিপ্ত সংঘর্ষ আর অনিয়মের অভিযোগের মধ্যে চারটি ধাপের ভোট্গ্রহণ হয়। আজকের পর আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে প্রায় দেড় হাজার ইউপিতে ভোটের মধ্য দিয়ে এবারের ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।