পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। শনিবার বিকেলে কমিশন কার্যালয়ে ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন অনিয়ম ও সংঘর্ষের কারণে ৫৩টি ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে। ভোট কেন্দ্রে অনিয়মে সহযোগিতা করায় একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।
এছাড়াও আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৪০ জনকে জরিমানা এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান কাজী রকিবউদ্দিন আহমদ।
এর আগে সকালে কমিশন কার্যালয়ে নির্বাচনের প্রথম ৪ ঘণ্টার পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনার আবু হাফিজ সাংবাদিকদের বলেন, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম-গোলযোগ-সংঘর্ষের মধ্যে ভোটগ্রহণ চললেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষজনক।
আবু হাফিজ বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবার ‘তুলনামূলক ভালো’ ভোট হচ্ছে। নোয়াখালী, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে কিছু গোলযোগের খবর পাওয়া গেছে। যেখানেই অনিয়ম হয়েছে সেখানে ভোট বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে ৭১৭টি ইউনিয়নে সকালে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রতিবারের মতো এবারও নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
এদিকে, ৭১৭টি ইউনিয়নের ভোটাররা ৩ হাজারের বেশি চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে প্রায় ৩০ হাজার প্রার্থীর মধ্যে থেকে তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন।