উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বিলুপ্ত ছিটমহলের ২২টি ইউনিয়নের বাসিন্দারা প্রথমবারের মতো ভোট দিলেন। সেইসঙ্গে সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে অনিয়ম- সহিংসতায় স্থগিত ৩৫০টি ভোটকেন্দ্র ও বাদপড়া ইউনিয়নেও ভোটগ্রহণও অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেন ভোটাররা। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া মানুষ গুলো এবারই প্রথম ভোট দিতে পারছেন। এতে খুশি বিলুপ্ত ছিটমহলের ভোটাররা।
এছাড়া সবশেষ ৬ ধাপে শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত ভোটকেন্দ্র ও বাদপড়া ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে, কেন্দ্র দখলের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি কেন্দ্রে ভোট আবারও স্থগিত করেছে নির্বাচন কমিশন।
দিনাজপুরে পার্বতিপুরের কৈকুলকিপুর ভোটকেন্দ্র থেকে জাল ভোট দেয়ার অভিযোগে ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আর শেরপুরের শ্রীবর্দীতে জাল ভোট দেয়ার অভিযোগে এক নারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সাভার সদর ইউনিয়ন পরিষদে বিএনপি'র একজন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।
সাতক্ষীরার কেরালকাতা ইউনিয়ন বিজিবি সদস্যদের বিরুদ্ধে সমর্থকদের মারধরের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।
যশোরের পাশাপোল ইউনিয়নের উপ নির্বাচনে রাণীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিদ্রোহী প্রার্থীর চার সমর্থক আহত হন। এ সময় ৩ জনকে আটক করে পুলিশ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নে স্থগিত হওয়া থাপনহালা কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এজেন্টদের মারধর করার অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভা নির্বাচন শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।