নির্বাচনী আমেজ টের পাওয়া যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে—এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে বড় দলগুলোর মধ্যে। মনোনয়নের জন্য তিন জনের নামের একটি তালিকা তৈরি করেছে মহানগর আওয়ামী লীগ।
তবে তাতে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভির নাম না থাকায় নেতাকর্মীরা বলছে, আইভির সঙ্গে বিরোধিতার কারণেই মহানগর আওয়ামী লীগ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আর এ বিষয়ে সেলিনা হায়াৎ আইভি জানিয়েছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন না।
তফসিল ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বড় দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার সংসদ সদস্য শামীম ওসমানের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের একাংশের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র হিসেবে মনোনয়নের জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে প্রস্তাবে বাদ দেওয়া হয় বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভির নাম। এ ব্যাপারে আইভি বলেন, দলের সিদ্ধান্ত নিয়েই নির্বাচন করবেন।
আওয়ামী লীগ থেকে সেলিনা হায়াৎ আইভিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আশাবাদী তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতা। প্রস্তাবে মেয়র আইভির নাম না দেয়ার বিষয়টি দলের নেতাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলেই মনে করছে তারা।
এদিকে, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।