নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির মনোনয়ন পাওয়ার পর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দলের সবাইকে ঐক্যবদ্ধ করেই নির্বাচনে অংশ নেবেন।
এ সময় নির্বাচনে নিরপেক্ষ লোকদের নিয়োগের জন্য কমিশনের প্রতি আহ্বানও জানান তিনি।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলার তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠক শেষ হয় প্রায় মধ্যরাতে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন এবং দলীয়ভাবে এখানে এই প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থী দিচ্ছে রাজনৈতিক দলগুলো।
এরইমধ্যে গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে।
এখানে আরো কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মেয়র পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।