নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আগে বিধি অনুযায়ী সিটি মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার বিকেলে নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রী বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
পরে সংবাদ সম্মেলনে আইভী বলেন, দায়িত্ব পালনে সময় সবসময় সৎ ও নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। মেয়র থাকাকালীন নিজের কিছু ব্যর্থতার কথাও স্বীকার করেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে গত রোববার আইভীর পক্ষে ব্যক্তিগত সহকারি আবুল হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় বিএনপির সাবেক দুই সংসদ সদস্যসহ বেশ কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
এদিকে এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া যায় নি উল্লেখ করে রিটার্নিং অফিসার জানিয়েছেন, মূলত প্রতীক বরাদ্দের পর থেকেই অভিযোগ আমলে নেওয়া হবে। সেক্ষেত্রে অভিযোগকারীকে অবশ্যই নির্বাচনে প্রার্থী হতে হবে।
সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে দুই দরের নেতারাই জানিয়েছেন, ঐক্যবদ্ধ হয়েই নিজ নিজ দলের পক্ষে কাজ করবেন তারা।
এর আগে গত বৃহস্পতিবার এ পদে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল।
এছাড়াও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন এবং দলীয়ভাবে এখানে এই প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থী দিচ্ছে রাজনৈতিক দলগুলো।