নির্বাচন

নাসিক নির্বাচন: আইভী নৌকা- সাখাওয়াত ধানের শীষ

চলছে প্রতীক বরাদ্দ

সেলিনা হায়াৎ আইভী-সাখাওয়াত হোসেন খান
সেলিনা হায়াৎ আইভী-সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জে আসন্ন সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সোমবার প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ধানের শীষ।

প্রতীক পাওয়ার পর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় আইভী বলেন, ‘নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়।’

তিনি বলেন, নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হবে না। শান্তির পরিবেশ সব সময় বিরাজ করবে।

জনগণের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তারা অতীতে তার (আইভী) প্রতি আস্থা রেখেছে—পাশে থেকেছে এবারও জনগণ ভোট দেবে— নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।

প্রতীক বরাদ্দের পর সেলিনা হায়াৎ আইভী তার বাবা প্রয়াত মেয়র আলী আহমেদ চুনকার কবরের কাছে যান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন। বিকেলে ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণার মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।

আর ধানের শীষ প্রতীক হাতে বিএনপির প্রার্থী সাখাওয়াত বলেন, ধানের শীষের প্রতি গণজোয়ার তৈরি হচ্ছে। ধানের শীষ জয়লাভ করবে।

তিনি বলেন, বিএনপি জিয়ার আদর্শে গড়া দল—এখন এই দলের নেতৃত্বে চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তাকে (সাখাওয়াত) এই প্রতীক নিয়ে নির্বাচন করতে বলেছেন এটি শুধু তার নয়, এটি দলের নির্বাচন। ধানের শীষের নির্বাচন।

তিনি আরো বলেন, তিনি অন্যায়, সন্ত্রাসের বিরুদ্ধে— সাত খুন মামলায় তিনি লড়েছেন নারায়ণগঞ্জের মানুষ তাকে চেনে, জানে।

এছাড়া, মেয়র পদে বিপ্লবী ওয়ার্কাস পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে কোদাল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহকে পাখা, ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল ইসলামকে মসজিদের মিনার, এলাডিপি'র কামাল প্রধানকে ছাতা ও কল্যাণ পার্টির মেয়র প্রার্থী রেসল ফেরদৌস সোহেলকে হাতঘড়ি প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।

প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে প্রার্থীদের বিস্তারিত জানান রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার।

আজ থেকেই সিটির ২৭টি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট কাজ করবেন বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করে নির্বাচন কমিশন- ইসি। মেয়র পদে ৭ জন প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮জন প্রার্থীর মধ্যে প্রতীকে বরাদ্দ দেয়া হয়।

দ্বিতীয় বারের মত আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

এবারে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন, অর্থাৎ প্রায় অর্ধেকই নারী ভোটার। এ কারণে সিটি নির্বাচনে নারী ভোটাররা বিশেষ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাই নারীদের ভোট চাইতে দিনরাত বিভিন্ন এলাকায় ছুটছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। নারীদের সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে বিপুল আশাবাদী তিনি।

এদিকে, গণসংযোগে ব্যস্ত বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনও। নারীদের জন্য বিশেষ কর্মপরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ