সবার সহযোগিতায় নারায়ণগঞ্জের সিটি করপোরেশন -নাসিকে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে কেন্দ্রে যাবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার-ইসি জাবেদ আলী।
বুধবার সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরে জাবেদ আলী আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্ধারিত বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে, সকাল থেকে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র কাউন্সিলরা।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সেলিনা হায়াৎ আইভি বিজয়ী হলে সন্ত্রাস, গুম, খুনের বিরুদ্ধে অতীতের মতো কাজ করে যাওয়ার অঙ্গীকার করলেও সাখাওয়াত হোসেনের দাবি, সন্ত্রাস নিমূর্লে ব্যর্থ হয়েছেন আইভি।
এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।
বুধবার সকাল থেকেই গণসংযোগে নামেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নগরীর সাত নম্বর ওয়ার্ডের আদমজীনগর ও শিমরাইল এলাকায় প্রচারণা চালান সদ্য বিদায়ী মেয়র, আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আইভী জানান, বিজয়ী হলে অসমাপ্ত কাজ শেষ করতে চান।
আর বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রচার-প্রচারণা চালান শহরের পাইকপাড়া, নয়াপাড়া ও ভুঁইয়াপাড়া এলাকায়।
এসময় তিনি অভিযোগ করেন, মেয়র থাকাকালীন সন্ত্রাস, গুম, খুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আইভি।