নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিরামহীন প্রচার-প্রচারণা।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে নৌকায় ভোট দেয়ার আহবান জানাচ্ছেন। আর বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
আর ১৩ দিন পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোটগ্রহণ। সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। চলছে বিরামহীন প্রচারণা। দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা।
শুক্রবার ছুটির দিন হওয়ায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে গণসংযোগ শুরু করেন। আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভি দুপুর পর্যন্ত গণসংযোগ চালান ১০ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মিল ও গোদনাইল এলাকায়।
নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু আছে উল্লেখ করে তিনি বলেন, তার পক্ষ থেকে এখনো আচরণবিধি লঙ্ঘন করা হয় নি।
এদিকে, বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গণসংযোগ চালান ১২ নম্বর ওয়ার্ডেন মিশনপাড়া ও ডনচেম্বার এলাকায়। এতোদিন নারায়ণগঞ্জে কাঙ্খিত উন্নয়ন হয় নি বলে অভিযোগ তার।
রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহবান জানান।
আগামী ২২ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।