নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ যান তিনি।
এ সময় ফখরুল বলেন, এ নির্বাচনের মধ্যেদিয়ে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের ফলে অবশ্যই বিজয় হবে এবং আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব বলেন, নারায়ণগঞ্জের মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আজকে সবাই একত্রিত হয়েছে।
এ নির্বাচনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জের মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার প্রার্থী ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের তিনি বলেন, এ নির্বাচনের উপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ নির্বাচনগুলো।
দলের চেয়ারপারসনের পক্ষ থেকে মির্জা ফখরুল ধানের শীষের ছড়া মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের হাতে তুলে দেন। সাখাওয়াত এসময় ভোটাদের দোয়া ও ভোট চান।
নেতাদের নিয়ে মির্জা ফখরুল শনিবার সকাল ১১টায় শহরের মিড টাউন এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। কলিবাজার, পুরান কোর্ট, গলাচিপা, চাষাড়ার ডিপোবাজার প্রভৃতি স্থানে লিফলেট দিয়ে ভোটারদের কাছে ভোট চান তারা।
এর আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি মহাসচিব জোটের নেতাদের নিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জে পৌঁছান।
এদিকে, ষষ্ঠ দিনের মত নগরীতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা।
সকাল থেকেই বিভিন্ন এলাকায় যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
বিভেদ ভুলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন তার জন্য। প্রচারণায় মাঠে নেমেছেন মেয়র পদে অন্যান্য প্রার্থীসহ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বীরাও।
এবারে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন, অর্থাৎ প্রায় অর্ধেকই নারী ভোটার। এ কারণে সিটি নির্বাচনে নারী ভোটাররা বিশেষ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোটরদের প্রত্যাশা তারা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে সিটি করপোরেশনে তাদের কাঙ্খিত প্রার্থীদের নির্বাচিত করতে পারবেন।
গত সোমবার নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন- ইসি। মেয়র পদে ৭ জন প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮জন প্রার্থীর মধ্যে প্রতীকে বরাদ্দ দেয়া হয়। দ্বিতীয় বারের মত আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।