নারায়ণগঞ্জ সিটি করপোরেশন –নাসিক নির্বাচন সুষ্ঠু করার জন্য কোনো অপ্রীতিকর কিছু বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে একটা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত সভায় শেষে এ কথা বলেন তিনি।
এসময় নির্বাচনে অংশ গ্রহণকারী সকল প্রার্থী এবং প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে যা কিছু করার দরকার তা নির্বাচন কমিশন করবে। তবে নিজেরা কালোটাকার ব্যবহার করবেন না কেউ কালো টাকা ছড়ালে সে তথ্য আমাদের জানিয়ে দেবেন।
তিনি সংশ্লিষ্ট সকল বাহিনীকে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
সিইসি বলেন, নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে, আরো ফোর্স প্রস্তত আছে সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো অপ্রীতিকর কিছু বরদাস্ত করা হবে না
সভায় উপস্থিত ছিলেন এনসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আবু হাফিজ ও মোহাম্মদ শাহনেওয়াজ, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন আহমেদ, ডিআইজি নুরুজ্জামান।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া সভায় সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলসহ মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা মতবিনিময় সভায় অংশ নেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী সকালে নির্বাচনী প্রচারণা চালিয়ে পরে সভায় আসেন।
সভায় ডা. আইভী নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে যেকোনো ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এ সময় আইভী নির্বাচনে যাতে কালো টাকার প্রভাব না পারে সেজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন নির্বাচনে আবারো সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্যান্য বাহিনীর সাথে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
সভা শেষ করে ডা. সেলিনা হায়াৎ আইভী এনসিসির বন্দর অংশের ২৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় যান। এসভা শেষ করে প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন বিএনপি’র প্রার্থী এডভোকেট সাখাওয়াৎ হোসেন। দুই দলের পক্ষে কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকেই প্রচারণা শুরু করেছেন। আগামী ১৪,১৫,১৬ নং ওয়ার্ডের দেওভোগ, বাবুরাইল, পাইকপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তারা।
আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।