নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। আর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী জানিয়েছে, জনগণের পাশে থেকে থেকে সব অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাবেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণায় নামেন প্রার্থীরা।
নগরীর চাষাঢায় বিজয় স্তম্ভে ফুল দেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এরপর নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
এ সময় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাংবাদিকদের বলেন, নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
আর নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, গত পাঁচ বছরে নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। অনেক কাজ এখনো চলমান আছে। আগামীতে নির্বাচিত হলে তার অসমাপ্ত কাজ শেষ করার পাশাপাশি জগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের মোকাবিলায় কাজ করবেন।