নারায়ণঞ্জ সিটি করপোরেশন – নাসিক নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় বিএনপি চেয়ারপারসন অংশ গ্রহণ করবেন বলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন কমিশন ৭২ ঘণ্টার বিধিনিষেধ দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় রিজভী অভিযোগ করেন, নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে খালেদা জিয়ার প্রচার-প্রচারণা ও গণসংযোগ ঠেকাতেই ৭২ ঘণ্টার বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রিজভী বলেন, বিগত যে কোনো নির্বাচনে ভোটের ৪৮ ঘণ্টা আগে বাইরে থেকে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হতো, এটাই ছিল আইন আর এটাই ছিল রেওয়াজ। কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হলো। এটা যে ভোটারবিহীন সরকারের নির্দেশেই করা হয়েছে সেটি উপলব্ধি করতে কোন ইনফরমেশন টেকনোলজির আশ্রয় নেয়ার প্রয়োজন নেই।
তিনি আরো বলেন, মূলত খালেদা জিয়া বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে ধানের শীষের পক্ষে আরো ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে ভেবেই ভোটারবিহীন সরকার ইসিকে দিয়ে এ পরিপত্র জারি করিয়েছে-যা উদ্দেশ্যপ্রণোদিত।
নাসিক নির্বাচনে সরকারি দলের নেতা-কর্মীরা প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেন তিনি।
দলটি পক্ষ থেকে সরকারের প্রভাবমুক্ত হয়ে নাসিক নির্বাচন সম্পন্নের জোর দাবিও জানানো হয়েছে।
এ নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটির নেতারা।
রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সরকারের বলয় থেকে বের হতে পারছে না বলেও তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন নারায়ণগঞ্জ যাবে বলেই নির্বাচন কমিশন ৭২ ঘণ্টার বিধিনিষেধ আরোপ করেছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবিতে আয়োজিত মানববন্ধনে নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ না করার আহ্বান জানান বিএপি নেতারা।