নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেই ব্যালট পেপার সবার সামনে তুলে ধরলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নারায়ণগঞ্জ বার একাডেমি (স্কুল) কেন্দ্রে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে ভোট দেন তিনি।
এ সময় তিনি বলেন এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে জয়ী হবেন।
তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে— এ নির্বাচনে আওয়ামী লীগের সামনে দুটি চ্যালেঞ্জ ছিল একটি হলো নির্বাচন সুষ্ঠু করা, আরেকটি আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করা।
আইভী জিতলে আইসক্রিম খাওয়া প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘ও (আইভী) না খাওয়াক, আমি খাওয়াব কারণ, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে।
ভয়ভীতিতে ভোটারেরা কেন্দ্রে আসছেন না—বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের এমন অভিযোগ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘তিনি (সাখাওয়াত) কি লিখিত অভিযোগ করেছেন? উনি ভালো আইনজীবী। তার নির্বাচনী আইন জানা উচিত। তিনি যদি রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিতেন, আমিও তাঁর পাশে থাকতাম।’