জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণণা— এরইমধ্যে ২৩ জেলার ফলাফল পাওয়া গেছে।
বিএনপি ও জাতীয় পার্টি এ নির্বাচন বর্জন করায় নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হন দলের বিদ্রোহী প্রার্থীরাও। এখন পর্যন্ত পাওয়া ফলাফলের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন ১৩টি জেলায়। সাতটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। আর তিনটিতে স্বতন্ত্র প্রার্থী।
আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন কুমিল্লায় আবু তাহের, নোয়াখালীতে ডা. এবিএম জাফর উল্লাহ, মৌলভীবাজারে আজিজুর রহমান, বরিশালে মইদুল ইসলাম, পটুয়াখালীতে খান মোশারফ হোসেন, খুলনায় শেখ হারুনুর রশিদ, মাগুড়ায় পঙ্কজ কুন্ডু, ঝিনাইদহে কণক কান্দি দাস, কুড়িগ্রামে মো. জাফর আলী, ময়মনসিংহে অধ্যাপক ইউসুফ খান পাঠান, গোপালগঞ্জে চৌধুরী এমদাদুল হক পাঠান, রংপুরে অ্যাডভোকেট সাফিয়া খানম ও রাজবাড়িতে ফকির আব্দুল জব্বার।
আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে দলের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় মো. শফিকুল আলম, চুয়াডাঙ্গায় শেখ সামসুল আবেদীন খোকন, মেহেরপুরে গোলাম রসুল, রাজশাহীতে মোহাম্মদ আলী সরকার, শেরপুরে হুমায়ুন কবির রুমান, পঞ্চগড়ে আমানুল্লাহ বাচ্চু ও জামালপুরে ফারুক আহম্মেদ চৌধুরী। চেয়ারম্যান পদে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেননড়াইলে অ্যাডভোকেট সোহরাব হোসেন, গাইবান্ধায় মো. আতাউর রহমান ও নীলফামারিতে জয়নাল আবেদীন।