নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১ রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা ২৮টি দল বেধে দেয়া সময়ের মধ্যে সার্চ কমিটির কাছে চিঠি পাঠিয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে বিকেল ৩টার মধ্যে মন্ত্রিপরষদ বিভাগে চিঠিগুলো প্রতিটি দলের প্রতিনিধিরা পৌঁছে দেন। এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি চিঠি পাঠালেও সেখানে নির্বাচন কমিশনের সদস্যের বাছাইয়ে কারো নাম দেয়নি।
নতুন নির্বাচন কমিশন গঠনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গত শনিবার তাদের প্রথম বৈঠকে ৩১টি রাজনৈতিক দলের কাছে পাঁচ জন করে ব্যক্তির নাম চায় সার্চ কমিটি।
এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে নামের তালিকা একটি খামে পৌঁছে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
অতীত ব্যকগ্রাউন্ড ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পাঁচ জনের তালিকা জমা দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
এর আগে সেখানে নামের তালিকা জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।
নির্বাচন কমিশন শক্তিশালী করতে রাষ্ট্রপতির কাছে দেয়া ১৩ দফা প্রস্তাবের প্রতিফলন এ নামের তালিকা ঘটানো হয়েছে বলে জানান তিনি।
এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশনসহ ২২টি দল নামের তালিকা সচিবালয়ে জমা দেন।
সংলাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে বিকল্প ধারা বাংলাদেশ, গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনো চিঠি দেয়নি বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ।