স্বচ্ছতার জন্যই নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির প্রস্তাবিত নাম প্রকাশ করা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনরা।
তবে তা হতে হবে অনুমতি সাপেক্ষে—এটি করলে সার্চ কমিটির প্রতি জনগণের আস্থা থাকবে।
সুজনের নির্বাহী সম্পাদক বদিউল আলম মজুমদার ও মুনিরা খান বলেন, কমিটিকে জানাতে হবে কোন মানদণ্ডের ভিত্তিতে নামগুলো নির্বাচন করা হয়েছে।
অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য এ বিষয়গুলো জনগণের কাছে পরিস্কার হওয়ার দরকার বলে মনে করছেন তারা।
নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেয়ার পাশাপাশি ১৬জন বিশিষ্ট নাগরিকের মতামত নেয় সার্চ কমিটি। দলগুলোর কাছ থেকে পাওয়া ১২৫ জনের নামের তালিকা সংক্ষিপ্ত করে তা দাঁড়িয়েছে ২০ জনে। এখন চলছে কমিটির নিজেদের মধ্যে আলোচনা। আগামী সোমবার সার্চ কমিটি আবার বসবে।
এ কমিটির কার্যক্রমে এখন পর্যন্ত স্বাভাবিকতা থাকলেও পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখতে হলে নামগুলো প্রকাশ করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
বদিউল আলম মজুমদার বলেন, কোন মানদণ্ডে এ নামগুলো নির্বাচিত করা হলো তাও জানানো উচিত।
এ কমিটির কার্যক্রমকে এখন পর্যন্ত স্বাভাবিক মানছেন বিশ্লেষক সা'দত হুসাইন।
তিনি বলেন, নামগুলো প্রকাশ হলে আর সেখান থেকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করলে জনগণের আস্থা বাড়বে। তবে বিষয়টি একান্তই রাষ্ট্রপতির এখতিয়ারে।
তারা বলছেন, নাম প্রকাশ না করা হলে স্বচ্ছতার যে উদ্যোগ রাষ্ট্রপতি নিয়েছেন সেটির অভাব থেকেই যাবে। প্রশ্নও উঠবে জনমনে।