রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ভোটগ্রহণের মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচনী অভিজ্ঞতা হতে যাচ্ছে শনিবার। এ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি দুই দলই অংশ নিচ্ছে।
বিশেষভাবে বিএনপি এই নির্বাচনে নতুন ইসি কিভাবে নির্বাচনটা পরিচালিত করছে তা দেখতে চায়। ভাবমূর্তির জন্য এটি নতুন ইসির সামনে একটা টেষ্ট কেইস।
এদিকে, বাঘাইছড়ি পৌরসভায় বেশ জোরে-সোরেই নির্বাচনী প্রচারনা চালিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম।
নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথমবারের মতো রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভায় শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এই নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। এর মধ্যেই কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, সিল, বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্চাম পৌঁছে দেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনকে ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় চলছে নির্বাচনী আলোচনা। প্রার্থী বাছাই নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা।
বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ছিলো প্রচার-প্রচারণার শেষ সময়। ভোটারদের মন জয় করতে শেষ মুহুর্তে প্রার্থীরা তাই এলাকার উন্নয়নে দেন নানা প্রতিশ্রুতি। এ পৌরসভায় নির্বাচনে ৩ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ৩১ জন।
বাঘাইছড়ি পৌরবাসী উন্নয়নের পাশাপাশি চান এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি। তারা চান মাদক ও সন্ত্রাসমুক্ত পরিচ্ছন্ন একটি পৌরসভা।