কাজ দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বরিশালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে তিনি বলেন, অতীতে যাই হোক না কেন আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবাহিনী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আগামী নির্বাচনগুলোতে কোনো অনিয়মকেই প্রশ্রয় দেয়া হবে না—এ কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলাবাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
ভবিষ্যৎ নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চান সিইসি।
রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, যোগ্য প্রার্থী নির্বাচন ও নির্বাচনী আইন মেনে চলার মাধ্যমে তাদের সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।