কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে সক্ষম হবেন বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। তাদের বিশ্বাস, নারায়ণগঞ্জে যেভাবে তারা সফল হয়েছেন— কুমিল্লায়ও তাই হবে।
নেতাদের সাফ কথা, দল করতে হবে সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। শেখ হাসিনা যাকে প্রার্থী করবেন তাকে জয়ী করতেই দলের সবাইকে একযোগে কাজ করতে হবে আর তা না হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লার স্থানীয় রাজনীতিতে সদর আসনের সংসদ সদস্য আকম বাহারউদ্দীন বাহারের সঙ্গে আফজল খানের দ্বন্দ্ব প্রায় তিন দশক ধরে। এমন অবস্থায় দ্বিতীয়বারের মতো হতে যাওয়া কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী দিতে পেরে স্বস্তিতে আওয়ামী লীগ। যিনি প্রার্থী হয়েছেন তিনি আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা।
শেষ পর্যন্ত সীমার পক্ষে বাহার থাকবেন, নাকি নিজেদের কোন্দলের জেরে আরেকবার ভুগতে হবে দলকে, এ নিয়ে শঙ্কায় কেন্দ্রীয় নেতারা। সকল কোন্দল মিটিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তৎপর তারা।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, কুমিল্লায় দীর্ঘদিনের এ দলীয় কোন্দল এবার মিটে যাবে।
এদিকে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আভ্যন্তরীন দ্বন্দ্ব, আর তার রেশ ধরে বহিস্কারের মতো ঘটনা ঘটছে অহরহ। তা বন্ধ করতে এবার কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে তৃনমূলে।
ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নিজেদের বিজয় নিশ্চিত করতে পুরোদমে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।