আগামী জাতীয় নির্বাচন ৫ জানুয়ারির মতো হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সোমবার দুপুরে চট্টগ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর পরামর্শকে নির্বাচন কমিশন স্বাগত জানাবে বলে জানান তিনি।
কেএম নুরুল হুদা বলেন, আগামী জাতীয় নির্বাচন ৫ জানুয়ারির নির্বাচনের চেয়ে ব্যতিক্রম হবে। ওই নির্বাচনে সকল দল অংশ নেবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে সিইসি বলেন, প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হবে। আগামী ১৬ মার্চ সিটি করপোরেশনের দুই ওয়ার্ডের মধ্য দিয়ে চট্টগ্রামে স্মার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ শুরু হবে।
পরে অনুষ্ঠানে ১০ জন বিশিষ্ট ব্যক্তির মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।