গণতান্ত্রিক পন্থায় যে বিধি-বিধান আছে তার আলোকেই আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে— কারো সঙ্গে আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মঙ্গলবার ময়সনসিংহের টাউনহলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
গণতন্ত্রের যে মূল ভিত্তি নির্বাচন সেটাকে সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য উপায়ে করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, আগামী মাসের মাঝামাঝি থেকেই সব দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়া হবে।
দুপুরে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে সিইসি বলেন, ময়মনসিংহ জেলা থেকে পঞ্চম বারের মত ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এজন্য সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
আলোচনা অনুষ্ঠান শেষে সিইসি নগরীর পন্ডিত পাড়া এলাকার একটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন করেন।
সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, এবারের ভোটার তালিকা হালনাগাদে কোনো বিতর্কের সুযোগ নেই কারণ এবার আঙ্গুলের ছাপ এবং চোখের কণিকা গ্রহণ করা হবে। সেই সাথে স্মার্ট ভোটার কার্ড দেয়া হবে।
নির্বাচনে সব দলের অংশগ্রহণ সম্পর্কে তিনি কিছু বলেননি।
সব দলের সঙ্গে সংলাপের বিষয়ে সিইসি বলেন, এখনো তারিখ নির্ধারিত হয়নি তবে আগামী মাসের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহ থেকে প্রস্তুতি নেয়া হবে।
নির্বাচন কমিশনারের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীসহ, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুসহ প্রমুখ।