একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের-ইসির সংলাপ শুরু হয়েছে আজ-সোমবার।
প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সংলাপ চলছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে নাগরিক প্রতিনিধিদের পরামর্শ শুনছে কমিশন।
সংলাপে অংশ নিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৫৯ জন বরেণ্য ব্যক্তিকে আমন্ত্রণ জানায় কমিশন।
প্রতিনিধিদের তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হচ্ছেন: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান, এম হাফিজ উদ্দিন খান, অ্যাডভোকেট সুলতানা কামাল, ড. হোসেন জিল্লুর, রাশেদা কে চৌধুরী, সুজন সম্পাদক বদিউল আলাম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ, নির্বাচন বিশ্লেষক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক আসিফ নজরুল এবং বিশিষ্ট আইনজীবী রফিক উল হক।
এরপর পর্যায়ক্রমে গণমাধ্যম, নিবন্ধিত রাজনৈতিক দল, পর্যবেক্ষক সংস্থা, নারীনেত্রী, নির্বাচন পরিচালনায় বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে ইসি।