রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা প্রতীক পেয়ে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়। বিকেল ৪টার পর প্রতীক পান মেয়র প্রার্থীরা।
আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহম্মদ ঝন্টু নৌকা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল এবং বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ধানের শীষ প্রতীক। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীই।
নিজ নিজ প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমে গেছেন প্রার্থীরা। এলাকায় শুরু হয়েছে ভোটের আমেজ।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার।
এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২১১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ ডিসেম্বর এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।