রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (বৃহস্পতিবার)। গতকাল (বুধবার) মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। গণসংযোগ শেষ হলেও উৎসবের আমেজ নগরীতে। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবে এ নিয়ে ভোটারদের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই।
আর সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর কাজ শুরু হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনে এই প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার নির্বাচনী উত্তাপ একটু বেশি। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিয়েছেন প্রতিশ্রুতির ফুলঝুড়ি।
প্রার্থীদের গণসংযোগ না থাকলেও নগরীতে সাজ সাজ রব। শেষমুহুর্তে যোগ্য প্রার্থী নির্বাচনে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা।
প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ছিলো বলে জানালেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এদিকে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী লড়লেও মুল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির তিন প্রার্থীর মধ্যে। ৩৩ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ২১২ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৬৫ জন। সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার, যাদের বেশিরভাগই নারী। ভোটগ্রহণ হবে ১৯৩ টি কেন্দ্রে।
এরমধ্যে পরীক্ষামূলকভাবে একটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।