এখানে কোনো অনিয়ম হচ্ছে না— আশা করছি লাখো ভোটের ব্যবধানে আমরা জিতব, এটা নির্বাচন কমিশনের জন্য একটা পরীক্ষা তাই নিজেদেরকে প্রমাণ করার জন্যই এই নির্বাচন সুষ্ঠু হবে বলে অভিমত ব্যক্ত করেছেন এইচ এম এরশাদ।
নিউ সেনপাড়া কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে।
বৃহস্পতিবার ৮টায় সিটির ১৯৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে তা বিকেল ৪টা পর্যন্ত চলে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে রংপুর সিটির এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ।
এ নির্বাচনে ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন ভোটার সিটির মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ২৭৬ জন প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন।
এ নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডের লায়ন্স স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্র এবং ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোকেয়া কলেজ কেন্দ্র পরীক্ষামূলক ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)। এখানে ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। মোট ভোট কেন্দ্র ১৯৩টি, ভোটকক্ষ ১১৭৮টি।