সব কেন্দ্রেই নির্বিঘ্নে ভোট শুরু হয়—আশা করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। শান্তিপূর্ণ ভোট করতে কমিশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।
নগরীর নিউ সেনপাড়া কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, একই কেন্দ্রে ভোট দেন দলের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের। সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, দেওয়ানটুলিতে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা, আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা।
এ নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডের লায়ন্স স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্র এবং ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রোকেয়া কলেজ কেন্দ্র পরীক্ষামূলক ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)। এখানে ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। মোট ভোট কেন্দ্র ১৯৩টি, ভোটকক্ষ ১১৭৮টি।
শীতকে উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ পর্যন্ত কোথাও কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।