ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়- চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে দল থেকে মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে দিনের শুরুতেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাসেল আশেকী এবং আদম তমিজি হক। বিকেলে বিজেএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র কেনেন তার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন যুবরাজ।
এছাড়া মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম তোলেন গাজী আলমগীর নামের এক ব্যক্তি। ঢাকার একটি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলমও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আগামী ১৬ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।