দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত- কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না তা আদালতের ওপরই বিষয়টি নির্ভর করছে— নির্বাচন কমিশনের এক্ষেত্রে কিছুই করার নেই।
বুধবার বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টারি প্রতিনিধিদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে এ কথা জানানো হয়। পরে বৈঠক শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক করেন সফররত ইউরোপীয় পাল্টামেন্টারি প্রতিনিধি দলের সদস্যরা। ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছন জেন ল্যামবার্ড।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনায় উঠে আসে। আলোচনা হয় খালেদা জিয়ার কারাভোগ ও নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়েও।
৫ বছর কারাদণ্ড হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না-প্রতিনিধি দলের সদস্যরা ইসির কাছে এ বিষয়ে জানতে চাইলে সিইসি কেএম নুরুল হুদার বলেন, এক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করার নেই। বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়া যদি রায়ের বিরুদ্ধে আপিল করেন— আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।
এছাড়া, নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে বিষয়টি তার ওপরও নির্ভর করছে বলেও জানান তিনি।