ছুটির দিনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। পথসভা, মিটিং মিছিলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে দুই সিটি।
শুক্রবার সকাল থেকে নগরীর অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি।
গাজীপুরে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম শুক্রবার প্রচার-প্রচারণা চালান টঙ্গী এলাকায়। সব শ্রেণীর মানুষ ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে বলে দাবি করেন তিনি।
বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ৩৮ নম্বর ওয়ার্ডে পথসভা করেন। এসময় তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তিনি জাহাঙ্গীর আলমের শিক্ষা ফাউন্ডেশনে ট্রাফিক সহযোগি নিয়োগকে নির্বাচনী কৌশল আখ্যা দিয়ে তা বন্ধ করার আহ্বান জানান।
খুলনায়ও উৎসবের আমেজে চলছে প্রার্থীদের গণসংযোগ। সকাল আটটায় রায়ের মহল হামিদ নগর থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সেখানে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৬, ৭ ও ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। সবসময় খুলনার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পেরেছে।
এদিকে, শুক্রবার ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিপিবির মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু।