খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আর বাকি মাত্র তিনদিন। তাই শেষ মূহুর্তের জোর প্রচার-প্রচারণায় তুমুল ব্যস্ত প্রধান দুই দলের মেয়র প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের গণসংযোগে প্রাধান্য পাচ্ছে সরকার ও নিজের মেয়র থাকাকালীন উন্নয়ন।
আর বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর আহবান বিদেশি পর্যবেক্ষকদের জন্য এই সিটি নির্বাচন উন্মুক্ত করার।
এদিকে, শেষ মুহুর্তে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে খুলনা সিটি করপোরেশনে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
শুক্রবার সকালে নগরীর ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
এ সময় ভোটারদের সব ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে কেন্দ্রে নিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রতি আস্থা নেই বলেই বিএনপি বিদেশী পর্যবেক্ষক আনার কথা বলছে।
এদিকে, ছুটির দিনে নগরীর ১৬ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
প্রশাসনের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, এরপরেও যে কোনো পরিস্থিতিতে তার দল নির্বাচনের মাঠে থাকবে।
সিটি নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের জন্য মাইলফলক উল্লেখ করে মঞ্জু বলেন, আগামী জাতীয় নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য খুলনা সিটির এ নির্বাচন সরকারের ওপর আরো চাপ সৃষ্টি করবে।