উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই একটা জায়গ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। আর শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়।
ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবির সদস্য। সবমিলিয়ে নগরজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা।
ভোটগ্রহণ ও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, জনগণের যে রায় হবে তাই মেনে নেব।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাবেক এ মেয়র বলেন, নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করবেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তালুকদার আব্দুল খালেক বলেন, ভোটারদের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন খুলনায় তেমন পরিবেশই বিরাজ করছে।
আর নগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়া শেষে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।
বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে --এ অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন।
কারচুপি ঠেকাতে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ারও আহবান জানান তিনি।