নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে—অনিয়ম, কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
মঙ্গলবার বেলা ১টায় জয়দেবপুরে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
সকাল ৮টায় এ সিটির ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোট বন্ধের দাবি সম্বলিত লিখিত অভিযোগ নিয়ে ধানের শীষের প্রার্থী বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।
ভোট বন্ধ করা না হলে কী করবেন—এই প্রশ্নের জবাবে হাসান সরকার বলেন, ভোট বন্ধ না হলে তিনি শেষ সময় পর্যন্ত নির্বাচনে থাকবেন।
তিনি বলেন, শতাধিক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে— অনেককে মারপিট করেছে সরকারি দলের লোকেরা, সেখানে সিল মারা ও জাল ভোট দেয়া হয়েছে।
এসব অনিয়মের কারণে আমি এই নির্বাচন বন্ধের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি— এ বিষয়ে লিখিত অভিযোগ দিচ্ছি বলেন তিনি।
নির্বাচন বর্জন করবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন বর্জনের প্রশ্নই আসে না। আমি শেষ পর্যন্ত লড়াই করব। জনগণকে এবং বিশ্ববাসীকে এসব অনিয়ম জানাতেই আমি ভোট বর্জন না করার সিদ্ধান্ত নিয়েছি।
একজন ‘মুক্তিযোদ্ধা হিসেবে’ তাকে সংবাদমাধ্যম ও ভোটার সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান সরকার।