সম্প্রতি হয়ে যাওয়া গাজীপুর সিটি নির্বাচনের ভুলভ্রান্তি ও অনিয়মের তদন্ত করছে নির্বাচন কমিশন-ইসি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে যেন এসব অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে সে দিকটা বিবেচনায় নিয়েই কমিশন এই তদন্ত করছে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নির্দেশেই এটা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে কমিশন কার্যালয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তিনি।
জনগণের প্রত্যাশা ও গণতন্ত্রের স্বার্থে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের কাজ করবে বলেও জানান তিনি।
গত ২৬ জুন হয়ে গেল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট। এই নির্বাচনে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম জয় লাভ করেন। এ নির্বাচন নিয়ে বিএনপি অনিয়মের অভিযোগ তুলেছে। গণমাধ্যমের খবরেও উঠে আসে নানা অনিয়মের খবর।
কমিশনও মানছে, গাজীপুরের ভোট ত্রুটিমুক্ত হয়নি। এজন্য এই নির্বাচনের অনিয়ম ও ভুলভ্রান্তির কারণ উদঘাটনে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দিন নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতোটা নিরপেক্ষভাবে ও যথাযথ দায়িত্ব পালন করেছে তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে কমিশন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারবলেন, আগামী ১০ দিনের মধ্যেই এ বিষয়ে প্রতিবেদন পাওয়া যাবে।
আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
আগামী জাতীয় নির্বাচন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর বলে তিনি জানান।