সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে জয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান।
সোমবার সকাল ৮টা থেকে সোয়া তিন লাখ ভোটারের এ নগরীতে ১৩৪টি কেন্দ্রে ভোট প্রদান করছেন।
সিলেটের দুই বারের মেয়র নৌকার প্রার্থী কামরান সকাল সাড়ে ৯ টায় ভোট দেন ১৪ নম্বর ওয়ার্ডের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
নিজের কেন্দ্রে ভোট দেয়ার পর সার্বিক পরিস্থিতি ও ভোটারের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন কামরান।
সাংবাদিকদের তিনি বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বিজয় আমাদের সুনিশ্চিত।
আওয়ামী লীগ ‘গণতন্ত্রের রাজনীতি’ করে মন্তব্য করে কামরান বরেন, ভোটে জনগণের দেয়া রায় তিনি মেনে নেবেন।
বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিএনপি প্রথম দিন থেকেই নানা অভিযোগ করে আসছে— আজকেও করবে। আসলে ভোটাদের গণজোয়ার দেখে তারা নানা সময়ে নানা কথা বলছে।
আরিফুল ও কামরানসহ মোট সাত জন প্রার্থী এবার সিলেটে মেয়র পদে লড়ছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে ২৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন কাউন্সিল নির্বাচিত করবেন এ সিটির ভোটাররা।