জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় আরো পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে গেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের ইসি ভবনে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এ কথা জানান।
বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষে উপস্থিত রয়েছেন জাসদ জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, বরকতুল্লাহ বুলু ও নঈম জাহাঙ্গীর।
প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদাসহ চার কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী এবং ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন বৈঠকে।
প্রসঙ্গত, রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৮ নভেম্বর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের ঘোষণা দেয়া হয়। এর পরদিনই সোমবার ঐক্যফ্যন্টের নেতারা ইসির সঙ্গে বৈঠকে বসলেন।
এর আগে শনিবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপের কথা উল্লেখ করে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়।