একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কি না সে বিষয়ে আগামীকাল- সোমবার সিদ্ধান্ত জানানো হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
রোববার বিকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে নির্বাচনের তফসিল একমাস পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেয় বিএনপি।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই চিঠি কমিশন সচিব হেলালুদ্দিন আহমদের কাছে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।
এদিকে, নৌকা প্রতীকে যে সব দল নির্বাচনে ভোট করবে নির্বাচন কমিশনে সেই তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ।
দলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে একটি প্রতিনিধ দল কমিশন সচিবের কাছে এ তালিকা জমা দেন।
এছাড়া, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
চিঠিতে ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার প্রস্তাব করেছেন তিনি।