স্কাইপে করে দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারের বিষয়ে অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে নির্বাচন কমিশন- ইসি।
আইনানুগভাবে ব্যবস্থা না নেয়া গেলে পুরো কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
রোববার কমিশ ন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আর আজ- রোববারে মধ্যেই ব্যানার-পোস্টারসহ নির্বাচনী প্রচারণার সব সরঞ্জাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ইসি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসেবে তিনি তা পারেন কী না-এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথার জের ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, অভিযোগ আসলে অবশ্যই তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এসময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়ার বিষয়টিও উঠে আসে। হয়রানি বন্ধে পুলিশকে নির্দেশনা দেয়া হবে বলে জানান রফিকুল ইসলাম। সেইসঙ্গে নির্বাচনী কর্মকর্তাদেরকে ফোনে পুলিশের হয়রানির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার শুরু হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।