প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়ার আগেই সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হবে বলে আশা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন।
বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
বৈঠকে নির্বাচনের আগে ও পরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটাদের নিরাপত্তাবিধানসহ বেশ কিছু বিষয়ে তাদের নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব বলেন, এই সভায় তফসিল ঘোষণার পর বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের যে তালিকা কমিশনে জমা পড়েছে সে বিষয়েও আলোচনা করা হবে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫৫টি মামলায় মনোনয়ন প্রত্যাশী ৫ জনসহ বিএনপির মোট ৫২৯ জন নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী। এ তথ্য জানিয়ে দলের পক্ষ থেকে বুধবার সকালে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব বলেন, নির্বাচনের আগে ও পরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে করণীয় নিয়ে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে এ বিষয়টি নিয়েও আলোচনা হবে।
নির্বাচনকালীন সময় সামগ্রিক নিরাপত্তা বিধানের বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।
বিশ্ব এজতেমার কারণে ওয়াজ মাহফিল করলে তাতে নিরপত্তা বিধান এবং এতে রাজনৈতিক কোনো বক্তব্য দেয়া হচ্ছে কি-না সে বিষয়টি নজর দিতে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান হেলালুদ্দীন আহমদ।