একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিইসি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিরপেক্ষভাবে কাজ করার কথা বলেন।
সব রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়— সে বিষয়ে নজর দেওয়ার কথাও বলেন সিইসি।
তিনি বলেন, কথায় আছে, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না— এরকম যেন হুকুম হয়, যেটা নড়বে না কখনও এইটা আপনাদের দেখতে হবে
প্রধান সিইসি বলেন, কঠোরভাবে যেটা দেখবেন, প্রিজাইডিং অফিসার যেন নিরাপদে থাকে। প্রিজাইডিং অফিসারের ওপর প্রচুর চাপ থাকে। তার ওপরে সব দায়িত্ব থাকে ওই এলাকার। তাদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব, তাদের কখনও পরিচালনা করতে যাবেন না। তাহলে ভুল হয়ে যাবে। তারা যখন যে সহযোগিতা চাইবেন, সেটা করবেন। সহযোগিতা চাওয়ার পরিস্থিতি না থাকলে সেখানে আপনাদের বিবেক-বিবেচনার প্রয়োগ করবেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এজন্য ম্যাজিস্ট্রেটদের সতর্ক নজরদারির কথা উল্লেখ করেন তিনি।