একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের রোববার সারাদেশে মনোনয়নপত্র যাচাই বাছাই চলে।
রাজধানী ছাড়াও জেলা ও উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে এ কাজ। এরইমধ্যে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও রয়েছেন।
সকালে ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তা অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদ উজ জামান বলেন, দুটি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ায় ফেনী ১ আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দুই বছরের অধিক কারাদণ্ড আছে পুলিশের পক্ষ থেকে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
ফেনী-১ আসনে বিএনপির অন্য দুই প্রার্থী আবুল বসর, নূর আহম্মদ মজুমদারসহ আরো চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গোপালগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এসব আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
কুমিল্লা ১, ২ ও ৩ আসনে বিএনপি প্রার্থী কে এম মজিবুল হকসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কুড়িগ্রাম-৪ আসনে হলফনামায় ভুলের কারণে আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেন এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরের ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নড়াইলের দুটি আসনে বাতিল হয়েছে তিন জনের মনোনয়ন। আর ছয়জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।