ভোট যুদ্ধের দামামা বাজছে দেশজুড়ে— উৎসবমুখর পরিবেশে সারাদেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দেয়া হয়েছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। আর এর আগে থেকেই জেলা ও উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মী সমর্থকদের নিয়ে ভীড় করেন প্রার্থীরা। এরপরেই নিজ নিজ প্রতীকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নির্বাচনী প্রচার।
দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে সোমবার সকাল থেকেই ছিলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ভীড়। সকাল দশটায় প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়।
গোপালগঞ্জের তিনটি আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। নৌকা প্রতীক পেয়েছেন গোপালগঞ্জ- ৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ২ আসনে শেখ ফজলুল করিম সেলিম এবং ১ আসনে লে. কর্ণেল ফারুক খান। আর ধানের শীষ প্রতীক পেয়েছেন গোপালগঞ্জ ১ আসনে এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, ২ আসনে সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ ৩ আসনে এস এম জিলানি।
গাজীপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পাওয়ার পর নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সব প্রার্থীই।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে। এই আসনগুলোতে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নড়াইলের আওয়ামী লীগের মাশরাফি বিন মুর্তজাকে নৌকাপ্রতীকসহ ১২ প্রার্থী প্রতীক পেয়েছেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৪ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিভিন্ন আসনে আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম, মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, আওয়ামী লীগের নাজমুল হাসান পাপন, বিএনপির রেজাউল করিম খান চুন্নুসহ অন্যান্য প্রার্থীরা তাদের নিজ দলের মনোনয়ন পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
জামালপুরের ৫টি আসনে ৩২ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এসময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কেও প্রার্থীদের অবহিত করা হয়।
প্রতীক পেয়েছেন নাটোরের চারটি আসনের প্রার্থীরা। আর প্রতীক পেয়েই তারা শুরু করেছেন প্রচার-প্রচারণা।
এছাড়া দিনাজপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঝালকাঠিসহ অন্যান্য জেলায়ও চলছে প্রার্থীদের প্রতীক বরাদ্দের কাজ।
মাদারীপুরে ৩টি আসনে ১২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে দলের পক্ষ থেকে চুড়ান্ত মনোনয়নে নাম না থাকায় মাদারীপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম মিন্টুকে প্রতীক দেওয়া হয়নি।
নারায়ণগঞ্জে ৫টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ৩৬ জনকে। জেলা রিটার্নিং কার্যালয়ে সকাল ১০ থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়।
নোয়াখালীর ৬টি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে অর্ধশতাধিক প্রার্থীর মাঝে। নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ থেকে ওবায়দুল কাদের নৌকা, বিএনপি থেকে ব্যারিস্টার মওদুদ আহম্মেদ ধানের শীষ, নোয়াখালী- ২ আসনে আওয়ামী লীগ মোরশেদ আলম নৌকা, বিএনপি থেকে জয়নুল আবেদিন ফারুক ধানের শীষ প্রতীক পেয়েছেন।
শেরপুরে ৩টি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ১২ জন প্রার্থীকে। প্রতীক পেয়েই প্রচারণায় নামেন প্রার্থীরা।
গাইবান্ধার ৫টি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮ জনকে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনে ২২জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় নর্বাচনী আচরণ বিধি যথাযথ ভাবে পালন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা।