প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট সংসদীয় আসনগুলো। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন এলাকার উন্নয়ন নানা প্রতিশ্রুতি। এদিকে, মৌলভীবাজার-২ আসনের কুলাউড়ায় মহাজোটের প্রার্থী এমএম শাহীনের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে ৫ জন আহত হয়েছেন।
মৌলভীবাজার
মৌলভীবাজারের রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের জামালের নেতৃত্বে দুইশরও বেশি নেতাকর্মী ধানের শীষ প্রতীকের মিছিল নিয়ে ঢুলিপাড়ায় নৌকা প্রতীকের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় মহাজোটের সমর্থক পাঁচজন আহত হন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে তিনজনকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর
গাজীপুরে-৪ আসনের বিএনপি প্রার্থী বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান ছেলে শাহ রিয়াজুল হান্নান সংবাদ সম্মেলন করে, তাদের উপর হামলা, মিথ্যা মামলা, গ্রেপ্তারসহ নানা অভিযোগ করেছেন।
পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে কাপাসিয়া থানার ওসির প্রত্যাহারের দাবি জানান তিনি।
আর গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী ফজলুল হক মিলনের পক্ষে তার স্ত্রী সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, হুমকিসহ নানা অভিযোগ করেন।
খুলনা
খুলনার ৬টি আসনে ৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। খুলনা -২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল নগরীর প্রেস ক্লাব এলাকায় পথসভা করেছেন। এই আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর বড় বাজার এলাকায় গণসংযোগ করেন।
নেত্রকোণা
উৎসবের আমেজে নেত্রকোণায়ও চলছে প্রার্থীদের প্রচারণা। সভা, উঠান বৈঠকের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। জেলার পাঁচটি আসনে নৌকার প্রার্থীরা জোরেসোরে গণসংযোগ চালাচ্ছেন। বিএনপি প্রার্থীর প্রচারণা চললেও তুলনামূলকভাবে তা অনেকট্ই কম।
শেরপুর
শেরপুর-১ আসনে ভোর থেকেই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। সোমবার সকালে শেরপুর সদরের কামারের চর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে গণসংযোগ করেন তিনি। এসময় সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ গত দুই দিনে তাদের ১৪ নেতাকর্মীকে আটক করেছে। নেতাকর্মীদের হয়রানী, ধরপাকর এবং প্রচারের বাধা দেওয়ারও অভিযোগ করেন তিনি।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জহুরুল হক। রোববার তিনি বাঘারপাড়ার বিজয়স্তম্ভে ফুল দিয়ে গণসংযোগ শুরু করেন। এরপর বাঘারপাড়া বাজার, অভয়নগর বাজার ও নওয়াপাড়া বাজারে প্রচার-প্রচারণা চালান।