রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রচার-প্রচারণায় দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। দিন যতোই এগিয়ে আসছে নির্বাচনী মাঠে প্রার্থীদের গণসংযোগ বেড়েই চলছে। মিছিল, পথ সভা, উঠান বৈঠকের পাশাপাশি প্রার্থীদের পক্ষে মাইকিং করেও নির্বাচনী প্রচারণা।
যশোর-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ইসমত আরা সাদেক গণসংযোগ করেন পৌরসভার বিভিন্ন এলাকায়। আবারো নির্বাচিত হলে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি ঘিরে কেশবপুরে একটি পর্যটন এলাকা গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
ভোলা-৩ আসনের লালমোহনে নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী। সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাফিজ উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি। বলেন, ২০০১ সালের নির্যাতনের কথা মানুষ ভোলেনি।
এর আগে নিজ বাসভবনে বিএনপির প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলন করে বলেন , এলাকায় কোনো নির্বাচনী পরিবেশ নেই। প্রতিরাতে লালমোহন ও তজুমদ্দিনে বিএনপি সমর্থকদের বাড়িতে লুট, বোমাবাজি হচ্ছে।
নড়াইল-১ আসনেও চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের বিশ্বাস কবিরুল হক মুক্তি ও বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলমের মধ্যে।