দেশের অন্য এলাকার মতো ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনেও চলছে তুমুল নির্বাচনী প্রচার-প্রচারণা। তিন আসনেই রয়েছে দুই বড় জোটের প্রার্থী। এরই মধ্যে ঢাকা-১৫ আসনের মহাজোট প্রার্থী কামাল আহমেদ মজুমদারের কাফরুলের নির্বাচনী অফিসে দুই দফা হামলা হয়েছে।
জামাত-শিবিরের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভোটাররা বলছেন, ২০১৪ সালের চেয়েও ভাল পরিবেশ রয়েছে মিরপুরে। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা তাদের।
মিরপুরের সঙ্গে একদিকে সাভারের একাংশ অন্যদিকে আগারগা, কচুক্ষেত নিয়ে গঠিত জাতীয় সংসদের ঢাকা-১৪,১৫,১৬ আসন। তিনটি আসনেই রয়েছে দুই জোটের প্রার্থী। মহাজোটের তিন প্রার্থীই আওয়ামীলীগের। অন্যদিকে ঢাকা১৪,১৬তে বিএনপি প্রার্থী থাকলেও ঢাকা-১৫তে তাদের জোটের প্রার্থী জামাতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান।
ধানের শীষ নিয়ে শফিকুর রহমানের প্রচার-প্রচারণা তেমন চোখে না পড়লেও ঢাকা-১৫ আসনের আওয়ামীলীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদারের নির্বাচনী কার্যালয় ভাংচুর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে মামলা হয়েছে ও আদালত জামাত শিবিরের দশজন নেতাকর্মীর একদিনের রিমান্ড আবেদন মন্জুর করেছেন বলে জানিয়েছেন কামাল আহমেদ মজুনদার।
তবে নির্বাচনী উৎসবের আবহ পুরো মিরপুর জুড়েই। এলাকার লোকজন বলছেন ২০১৪ এর নির্বাচনের চেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন তারা।
এদিকে, ঢাকা-১৬ আসনের নৌকার প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।বৃহস্পতিবার মিরপুরের স্ট্যানহাউজিং এলাকায় এক নির্বাচনী মিছিলে অংশ নিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যেকোন ধরণের সহিংসতার অপচেষ্টা প্রতিরোধ করা হবে।
এদিকে, বৃহস্পতিবার মিরপুরের টোলারবাগে এক দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারে অংশ নেন ঢাকা-১৪ আসনের মহাজোট প্রার্থী মোহাম্মদ আসলামুর হক। আবারো নির্বাচিত হলে নিজ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন তিনি।
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ও দেশকে সম্বৃদ্ধির পথে এগিয়ে নিতে আগামীতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনার প্রয়োজনীয়তার কথা জানান মহাজোটের প্রার্থীরা।