আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে করা বৈঠক বর্জন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ওই সভা থেকে বেরিয়ে যাওয়ার পর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টের নেতারা সিইসির বিরুদ্ধে অশোভনীয় আচরণের অভিযোগ করেছেন।
দেড় ঘণ্টা পর বৈঠক থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি আমাদের অভিযোগের কথাগুলো কোনো গুরুত্ব দেননি এবং কোনো আশ্বাসও পাইনি-তাই আলোচনার একপর্যায়ে বৈঠক থেকে বেরিয়ে আসতে হয়েছে।
ভোটের ৪ দিন আগেও নির্বাচন কমিশন ও সরকার ন্যূনতম পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
জানা গেছে, এ বৈঠকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের তুমুল উত্তাপ ছড়ায়।
এমনকি ফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ‘ভদ্রতাসূচিত আচরণ না করার’ অভিযোগ তুলে সভাও বর্জন কথা জানান ঐক্যফ্রন্ট নেতারা।
সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছে তারা।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও করণীয় ঠিক করা হবে।
দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ জন নেতা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যান। বৈঠকের একপর্যায়ে ঐক্যফ্রন্ট নেতারা সভা ত্যাগ করে উঠে যান। ঐক্যফ্রন্টের নেতারা বিভিন্ন অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যান।