রাজধানীসহ সারাদেশে একাদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এখন গণনা আর ফলাফল ঘোষণার অপেক্ষা।
রোববার সকাল ৮টা থেকে ২৯৯টি সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতা ঘটলেও রাজধানীর কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা।
জাতীয় নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে ছিলো ভোটারদের দীর্ঘ লাইন। উৎসুক ভোটাররা নির্ধারিত সময়ের আগেই ভোটকেন্দ্রে চলে যান। অনেক কেন্দ্রে আবার শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া ঢাকায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন ভোট দিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে।
খিলাগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী।
ঢাকা ১০ আসনের ডক্টর মালিকা কলেজ কেন্দ্র ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। তেজগাঁও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা-১২ আসনের আওয়ামী লীগ প্রার্থী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বারিধারা ডিপ্লোমেটিক জোনে, কসমস সেন্টারে ভোট দিয়েছেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিকল্প ধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী। সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
দূর-দূরান্ত থেকে ভোট দিতে আসেন তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ-বৃদ্ধরাও। শেষ পর্যন্ত এমনই শান্তিপূর্ণ ভোটের পরিবেশের প্রত্যাশা তাদের।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, সকাল থেকে ভোটের পরিবেশ ভালো ছিল। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয় বলেন তারা।
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়। ইভিএমে ভোট হয় ঢাকা ৬, ঢাকা ১৩, চট্টগ্রাম ৯, রংপুর ৩, খুলনা ২ এবং সাতক্ষীরা ২ আসনের কয়েকটি কেন্দ্রে।
এবারে নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দল অংশ নেয়। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। ভোটে ১৪ দল ও মহাজোটের নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। আর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি ও ঐক্যফ্রন্ট এবং জামাতসহ ২০ দল নির্বাচন করে। ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সারাদেশে শেষ হয় ভোটগ্রহণ। বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরিবেশে ভোট হওয়ায় খবর পাওয়া গেছে। তবে, বেশ কয়েকটি আসনে এরমধ্যেই ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। কয়েককটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ ও বিএনপি-দুই দলেরই কর্মী নিহত হয়েছেন। সকাল আটটা শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভীড় করেন ভোটাররা। শীতের কারণে সকালে উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভীড় বাড়ে ভোটারদের। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা।
পিরোজপুরের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা। ভোট দিতে পেরে খুশি নতুন ভোটাররা।
নোয়াখালীর বিভিন্ন কেন্দ্রেও সকাল থেকে চলে ভোটগ্রহণ। কোম্পানীগঞ্জ উপজেলার উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে ঠাকুরগাঁওয়ে। সেখানে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গাইবান্ধার চারটি আসেনেও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
সকালে ভোলার বাংলা স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ। এই আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরও ভোট দেন।
সিলেটে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সিলেট ১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বরিশালের বেশিরভাগ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট হয়। তবে বেশ কিছু কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের দেখা যায়নি।
নড়াইলের প্রতিটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে ভোট দেন। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক সুমি।
নারায়ণগঞ্জে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন তারা।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ হয় ধামরাই, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ভৈরব, জয়পুরহাট, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী , রাজশাহী, ফেনী, বরগুনা, মাগুরা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, কুমিল্লাসহ দেশের অন্যান্য জায়গায়।