আগামী সপ্তাহে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন-ইসি।
আর আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে উপজেলা নির্বাচন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নিবাচন কমিশন ভবনে প্রেস ব্রিফিংয়ে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী এপ্রিলে প্রবাসীদের ভোটার তালিকাভুক্তি শুরু হবে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী কেন্দ্রভিত্তিক নির্বাচনের ফলাফল এখনো কমিশনের কাছে নেই।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের ইসি সচিব জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী এপ্রিলে সিঙ্গাপুরে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হচ্ছে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী সপ্তাহের নির্বাচন কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের তফসিলের বিষয়টি চূড়ান্ত করা হবে।
এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল ৩টি আসন পাবে বলেও জানান তিনি।
আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে কয়েক ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনার কথাও জানিয়ে ইসি সচিব বলেন, রোজার আগেই এই নির্বাচন শেষ করতে চায় কমিশন।
এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয় নির্বাচনের কেন্দ্র ভিত্তিক ফলাফল চেয়ে আবেদন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। আরো বলেন, তবে আসন ভিত্তিক ফলাফল থাকলেও কেন্দ্র ভিক্তিক ফলাফল কমিশনের হাতে এখনো নেই।