ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩২টি। ভোটগ্রহণে ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৫শ ৭২ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত আছেন।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, দুই উপজেলায় ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, বিজিবি ২০ প্লাটুন, র্যাব ২০ প্লাটুন ও ১ হাজার ৫৮৪ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাপা (এ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল) ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।